২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এইদিন মেয়ো রোডে সভা করতে চায় দুই তৃণমূল শিবির-ই। তাই নিয়ে চলছে তরজা। সোমবার প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা থেকে ঋতব্রত শিবিরকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক কুণাল ঘোষ। বর্ষীয়ান তৃণমূল নেতা অশোক দেবের বাড়িতেই প্রস্তুতি সভার রূপরেখা তৈরি করেন বিধায়ক।

আরও পড়ুন: মিত্র ইন্সস্টিটিউশনে প্রথম শ্রেণির খুদেকে সাপের ছোবল

প্রস্তুতি সভায় কুণাল ঘোষ বলেন, আশির দশক থেকে আজ পর্যন্ত বাংলার ছাত্র সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পরিবর্তনের প্রসঙ্গও। বাম আমলে প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়া এবং স্কুল-কলেজে কম্পিউটার চালু না করার মানসিকতা নিয়ে সরব হন তিনি। একইসঙ্গে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও অভিযোগ তোলেন কুণাল। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলেও সেই উন্নয়নের যথাযথ প্রচার করা হয় না। 

প্রস্তুতি সভা থেকে কুণাল, ঋতব্রত শিবিরকে কটাক্ষ করে বলেন,  "এখন বিরোধীদল বা বিরোধী দলনেতা নিজেরাই বিজেপির হয়ে কাজ করছে। তাঁদের নিজেদের কাজের কোনও ভূমিকা নেই।" বিধায়কের ছাত্রদের ডাক দিয়েছেন ২১ শে জুলাইয়ের মতোই  ২৮ অগাস্টের সভায় দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন। এদিকে, ২৮ অগাস্টের কর্মসূচিকে ঘিরে দুই তৃণমূল শিবিরের প্রস্তুতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ঋতব্রতপন্থী শিবিরও প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি শুরু করেছে এবং সভার জন্য অনুমতির উদ্যোগ নিয়েছে। কালীঘাটপন্থী শিবিরও একইভাবে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। ফলে ২৮ অগাস্টের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।