শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি মামলা ইতিহাস গড়তে চলেছে। এই প্রথম কোনো বিধায়ক বিধানসভায় চক্রান্তমূলকভাবে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে ন্যায়বিচার চেয়ে আদালতে এসেছেন। কুণাল ঘোষের এই মামলা শুনানির জন্য লিস্টে এসেছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুক্রবার দুপুরের পর শুনানি। কোর্ট প্রকাশিত তালিকায় মামলাটি জরুরি ভিত্তিতে এক নম্বরে রয়েছে। এখন দেখার বিষয় শুনানির পর কোর্ট হস্তক্ষেপ করেন। নাকি বিধানসভার বিষয়টি স্পিকারের এক্তিয়ারভুক্ত বলে মামলা এখানেই থেমে যায়।

কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন," আমার মক্কেল মাননীয় বিধায়ক বিধানসভায় সংশ্লিষ্ট সকলকে বলেও ন্যায়বিচার পাননি। গুরুত্বপূর্ণ বিল ও বাজেটে তাঁকে চক্রান্তমূলকভাবে বলতে দেওয়া হচ্ছে না। কন্ঠরোধ করা হচ্ছে। প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বাইরে বার করে সাসপেনশন জারি হচ্ছে। প্রিভিলেজ আনা হচ্ছে। তাই অধিকাররক্ষায় বিধায়ক আদালতে ন্যায়বিচার চাইছেন।" ওদিকে সূত্রের খবর, উল্টোদিকের পক্ষগুলিও হেভিওয়েট আইনজীবীদের ময়দানে নামিয়ে প্রস্তুত। এই ধরণের কোনো মামলার কথা আইনজ্ঞ মহলের স্মৃতিতে আসছে না। ফলে জোর চর্চা চলছে।
















