উৎসবের মরশুম শুরুর আগেই বাংলাজুড়ে ( West Bengal) বাড়তে চলেছে মদের দাম ( Liquor Price)। অক্টোবরের শুরু থেকেই বিদেশি মদ ( Liquor), ভারতীয় মদ এবং বিয়ারের নতুন মূল্যকাঠামো কার্যকর করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার ( West Bengal Government) । যদিও কোন ব্র্যান্ডের ( Brand) দাম কতটা বাড়বে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও ঘোষণা হয়নি। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের তরফে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে পণ্যগুলির নতুন মূল্য কার্যকর হবে।
আরও পড়ুন: আসানসোল ডিভিশনে সিগন্যালিংয়ের কাজ, ১৫-১৬ সেপ্টেম্বর বাতিল একাধিক ট্রেন
গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশনের সদর দফতরে প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক হয়। বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদের সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়। এর আগে ২৫ অগস্ট এই সংক্রান্ত তিনটি প্রাক্-বৈঠক বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসাবেই সেপ্টেম্বরের বৈঠকটি হয়। নতুন দামের ক্ষেত্রে আবগারি আইনের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাগুলিকে। পাশাপাশি ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রযোজ্য সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গেও মূল্য সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। মদ মজুত এবং সরবরাহ ব্যবস্থাপনার খরচও নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হবে জানান হয়েছে। তবে নতুন দাম কার্যকর হলেও পুরনো দামের মদ নিয়ে সঙ্গে সঙ্গে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা নেই। বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকানে আগে থেকেই মজুত থাকা পুরনো মূল্যের বোতল সংশ্লিষ্ট লেবেল ও নথিভুক্তির বৈধতা বজায় থাকা পর্যন্ত বিক্রি করা যাবে। উৎসবের সময়ে বাজারে সরবরাহ যাতে কোনও ভাবে ব্যাহত না হয়, সেই বিষয়েও প্রস্তুতকারকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, পুজোর ( Durga Pujo) মরশুমে মদ বিক্রি থেকে রাজ্যের আবগারি দফতরের বিপুল পরিমাণে রাজস্ব আসে। ফলে উৎসবের আগে নতুন মূল্যব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্তকে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের নিজস্ব আয় বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, সরকারের প্রথম তিন মাসেই রাজস্ব বৃদ্ধির হার ১৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা সামলানোও বর্তমান সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে আবগারি রাজস্ব বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে, পুজোর সময় মদের বিক্রি নিয়েও সরকারের আলাদা সিদ্ধান্ত রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) জানিয়েছেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। বারগুলিতেও ওই দিন মদ পরিবেশন করা যাবে না। সব মিলিয়ে অক্টোবরের শুরুতে মদের নতুন মূল্য কার্যকর হওয়ার প্রস্তুতি জোরকদমে চলছে।
















