তারাপীঠ অগ্নি-কাণ্ডে এবার শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বীরভূমের তারাপীঠের বিদেশিনী নামের হোটেলে সোমবার আচমকাই আগুন লাগে। প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮। এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে PMO-এর তরফে  লেখা হয়েছে, এই প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। 

প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার পর বাইরে থেকে প্রথমে ধোঁয়া বা আগুনের কোনও দৃশ্যমান চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুণ্ডেশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। মই দিয়ে হোটেলে আটকে পড়া ২২ জনকে উদ্ধার করা হয়। আরও ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। একজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আরও দু’জন এখনও চিকিৎসাধীন।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভারত-বিরোধী কার্যকলাপ! ফের রাজ্যে জঙ্গি যোগে ধৃত ২

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাস্থলে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দল গিয়ে নমুনা সংগ্রহ করবে। ইতিমধ্যেই প্রাথমিক মামলা দায়ের করে হোটেল পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।