নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ দিতে আজ রাজ্যে আসছেন ওম বিড়লা (Om Birla)। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথম, বিধানসভার বিধায়কদের আইনসভার রীতিনীতি সংক্রান্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকতে চলেছেন লোকসভার স্পিকার। শুক্রবার ও শনিবার (৩ ও ৪ জুলাই ২০২৬) নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswabangla Convension Centre) আয়োজিত হতে চলেছে নবনির্বাচিত বিধায়কদের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ (Orientation) শিবির। বিধানসভার সূত্রে খবর, কেবল লোকসভার অধ্যক্ষই নন, দেশের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভার স্পিকারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। 

নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন লোকসভার স্পিকার, এমন নজির সম্পূর্ণ নতুন। সূত্রের খবর ৩ ও ৪ জুলাই এই দুদিন ধরে আয়োজিত শিবিরে নতুন বিধায়কদের আইন প্রণয়ন, বিধানসভা পরিচালনা এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সম্যক ধারণা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি (Parliamentary Research and Training Institute for Democracies) এবং পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) যৌথ উদ্যোগে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।কর্মসূচির উদ্বোধন করতে আজ কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। এছাড়াও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এবং বিধানসভার বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথাও রয়েছে। সূত্রের খবর এই শিবিরের সমাপনী অনুষ্ঠানেও ওম বিড়লার যোগ দেওয়ার কথা রয়েছে।