শক্তি হারিয়ে ক্রমশ দূরে সরে যাচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টানা ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত কমলেও এখনই পুরোপুরি কাটছে না দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাব কমায় বৃষ্টির তেজ কিছুটা কমবে ঠিকই, তবে আগামী কয়েক দিন আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পূর্বাভাস মিলেছে। উত্তরের ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

নিম্নচাপ দূরে সরে গেলেও উত্তর বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি থাকা নিষেধাজ্ঞা আপাতত বহাল রাখা হয়েছে।