পুজোর আগে ফের বন্ধ টিটাগড়ের লুমটেক্স জুটমিল (Lumtex Jute Mill in Titagarh)। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে মিলের গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর (Suspension of work) নোটিশ দেখতে পান শ্রমিকেরা। সোমবার পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও মঙ্গলবার থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আচমকা মিল বন্ধ হওয়ায় কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বেতন এবং অন্যান্য বকেয়া পাওনা মেটানো হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিজেপি সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েও পুনরায় চালু হয়েছিল লুমটেক্স। কিন্তু পুনরায় চালুর পরও শ্রমিকদের একাধিক দাবি ও পাওনা নিয়ে জটিলতা তৈরি হয়। ডিএ-সহ বিভিন্ন দাবির বিষয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল ১২ সেপ্টেম্বর। যদিও সেই বৈঠক থেকে কোনও স্থায়ী সমাধান মেলেনি বলেই শ্রমিক সংগঠনগুলির দাবি। কিন্তু ফের আবারও নতুন সরকারের আমলে আবারও বন্ধ হয়ে গেল কারখানাটি।
এর মধ্যেই কোনও আগাম ব্যাখ্যা ছাড়াই ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। মিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের ফলে কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের প্রাপ্য বেতন ও বকেয়া টাকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঠিক কী কারণে মিল বন্ধ করা হল, সেই বিষয়ে কর্তৃপক্ষের তরফে এখনও স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।
মিল বন্ধের সিদ্ধান্তে পুজোর আগে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, শ্রমিকদের পাওনা ও অন্যান্য দাবির দ্রুত নিষ্পত্তি করে মিল পুনরায় চালু করতে হবে। একইসঙ্গে মিল কর্তৃপক্ষের কাছে বেতন ও বকেয়া পাওনা নিয়ে স্পষ্ট আশ্বাসের দাবি উঠেছে। এখন মূল প্রশ্ন, সদ্য নতুন ভাবে চালু হওয়া লুমটেক্স ফের কবে স্বাভাবিক ছন্দে ফিরবে এবং কর্মহীন শ্রমিকদের অনিশ্চয়তা কবে কাটবে।
















