রাজ্যে মাদক পাচার ও চোরাচালানের জাল উপড়ে ফেলতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। গঠন করা হচ্ছে বিশেষ ‘অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স’ (এএনটিএফ)। পাশাপাশি মাদক সংক্রান্ত অপরাধের তদন্তে গতি আনতে রাজ্যের চার প্রান্তে চারটি বিশেষ এএনটিএফ থানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সম্প্রতি অনুষ্ঠিত অষ্টম মন্ত্রিসভা বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবে সিলমোহর পড়েছে। প্রস্তাব অনুযায়ী দুর্গাপুর, মালদহ, খড়্গপুর এবং নদিয়ায় এই চারটি নতুন বিশেষ থানা গড়ে তোলা হবে। নবান্ন সূত্রের খবর, আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক মাদক পাচার চক্রগুলির কার্যকলাপ রুখতে আরও সুসংহত এবং দ্রুত পদক্ষেপ করতেই এই পরিকাঠামো তৈরি করা হচ্ছে। মাদক প্রতিরোধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক শাখার মধ্যে সমন্বয় রেখে তথ্য সংগ্রহ এবং অভিযানের কাজ চালাবে এই নতুন টাস্ক ফোর্স।

মাদকবিরোধী এই পরিকাঠামো কার্যকর করতে মোট ৫৯১টি নতুন পদ তৈরির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যে সন্ত্রাস দমন সংক্রান্ত পরিকাঠামো শক্তিশালী করতে ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড’ (এটিএস)-এর আওতায় ৪৬১টি স্থায়ী পদ এবং পাঁচটি চুক্তিভিত্তিক সফটওয়্যার ডেভেলপারের পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশাসন সূত্রের বক্তব্য, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করাই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য। সংগঠিত মাদক ব্যবসায়ীদের রুখতে এবং চোরাচালানের উৎসস্থল চিহ্নিত করতে নতুন এই পরিকাঠামো অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।