দল-প্রতীক হাতছাড়া হয়েছে। মিলেছে নতুন নাম ও প্রতীক। কিন্তু তার পরেই নন্দীগ্রামের উপনির্বাচন থেকে প্রার্থীপদ প্রত্যাহার করেন সঞ্চিতা দে প্রধান। শুক্রবার দিনের শেষে কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে (Congress) সমর্থনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, নন্দীগ্রামে উপনির্বাচনে (Nandigram By-Election) ‘সিস্টার পার্টি’ কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবেন তাঁরা। 

বৃহস্পতিবার সন্ধেয় তৃণমূল কংগ্রেসের  নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে জটের প্রেক্ষিতে অন্তর্বর্তী নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায় (ঋত-গোষ্ঠী)-কেউই ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম বা দলের সংরক্ষিত ‘ ঘাসের উপর জোড়া ফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনে দুপক্ষকেই আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক নিয়ে ভোটে লড়তে হবে। শুক্রবার বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত তিনটি নামের থেকে দলের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ফুটবল খেলোয়াড়-এ অনুমোদন দেয় নির্বাচন কমিশন। কিন্তু তার পরেই খবর আসে নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন নন্দীগ্রাম মমতা তৃণমূল প্রার্থী সঞ্চিতা দে প্রধান (Sanchita Dey Pradhan)। তার পরেই হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সঞ্চিতা।

এর পরে কালীঘাটে বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে মমতা ঘোষণা করে দেন, ”নন্দীগ্রামে আমরা লড়ব না, সিস্টার পার্টি কংগ্রেসকে সমর্থন করছি। তাতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা হবে।” মমতার কথায়, ”আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান সমর্থন করছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।”  

মমতা জানান, ”নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করব বলে আগেই ভেবে রেখেছিলাম। বৃহত্তর স্বার্থে দেশের জন্য সমর্থন। ওরা সিস্টার পার্টি।” একই সঙ্গে জোট প্রসঙ্গে মমতার মত, ”রাহুলজি গতকাল কল করেছিলেন। আমরা সকলে একসঙ্গে আছি, আমরা একসঙ্গে লড়াই করব। আমরা সমস্ত স্বাভাবিক জোটকে সমর্থন করব। আমাদের সিস্টার দলকে সমর্থন করব।”

কমিশনকে তীব্র নিশানা করেছেন মমতা। বলেন, ”আজ গণতন্ত্রের ইতিহাসে কালো দিবস। যা হচ্ছে দুর্ভাগ্যজনক, অসাংবিধানিক, গণতন্ত্র-বিরোধী, পলিটিকালি বায়াসড। একটা রাজনৈতিক দলের স্বার্থ চরিাতর্থ করা হচ্ছে।” উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ারের দলের ভাঙনের কথা উল্লেখ মমতা তৃণমূল নেত্রী বলেন, ”আমাদের আগে উদ্ধব ঠাকরের দলের প্রতীক কেড়েছে। এনসিপি-কে ভেঙেছে। এ বার আমাদের।” কটাক্ষ করে মমতা বলেন, ”আমি ব্যক্তিকে সম্মান করি না। বিজেপির হয়ে কাজ করেন। ঝুটা এসআইআর, ঝুটা ভোট করেছে। গণনা করেছে সিআরপিএফ। কাউন্টিং এজেন্টকে বার করে দিয়েছে। পুরো হাইজ্যাক করেছে। মাস্টারমাইন্ড কে? আমাদের ভদ্রতা, নাম নিচ্ছি না। হাইজ্যাক করেছে ইভিএম।”