আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের দেওয়ালে জোর করে রং লেপে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানালেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সার্বিক সংহতির স্বার্থে তৃণমূল সর্বদা পাশে থাকবে জানিয়ে এ দিন ঘটনাস্থলে দলের একটি প্রতিনিধিদল পাঠান তিনি।

প্রতিনিধিদলে ছিলেন সাংসদ সৌগত রায়, দোলা সেন, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর এবং প্রাক্তন পুলিশ আধিকারিক মারিয়া ফার্নান্ডেজ। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সংবাদপত্রের কর্মীদের সঙ্গে কথা বলেন।

সংবাদপত্রের দেওয়ালে গেরুয়া রং লেপার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলনেত্রী বলেন, গেরুয়া ত্যাগ ও আধ্যাত্মিকতার প্রতীক, কিন্তু রাজনৈতিক শক্তি প্রদর্শনের কাজে এই রংকে ব্যবহার করে তার অমর্যাদা করা হচ্ছে। গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতার উপর যে কোনও ধরনের আঘাতের বিরুদ্ধে দল রুখে দাঁড়াবে বলেও স্পষ্ট করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পর সাংসদ দোলা সেন সাংবাদিকদের বলেন, সংবাদমাধ্যমের দফতরে এই ধরনের আচরণ অনভিপ্রেত ও নিন্দনীয়। কোনও নির্দিষ্ট মতবাদ চাপিয়ে দেওয়ার প্রবণতাকে সাধারণ মানুষ সমর্থন করবে না উল্লেখ করে তিনি জানান, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় তাঁরা সর্বতোভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশে রয়েছেন।