রাজ্যে সরকারে পালাবদলের পরে বাংলার মনীষীদের উপযুক্ত  সম্মান দেওয়া হচ্ছে না, অপমান করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও (Subhas chandra Basu)। এই অভিযোগে মঙ্গলবার ফেসবুক লাইভে এসে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারও নাম না করে তিনি বলেন, “কেউ কেউ নেতাজিকে দেশদ্রোহী বলছেন। নেতাজির অপমান সহ্য করবে না বাংলার মানুষ“।

সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুণগান করতে গিয়ে নেতাজিকে গুন্ডা বলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। এদিন ফেসবুক লাইভে এসে এর বিরোধিতায় গর্জে ওঠেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে তিনি বলেন, নেতাজিকে অসম্মান করা হচ্ছে। কেউ কেউ নেতাজিকে দেশদ্রোহী বলছেন! আমরা নেতাজিকে শ্রদ্ধা করি। গন্ধীজি যেমন জাতিরজনক, তেমনই নেতাজি দেশের নেতা, দেশনায়ক। তাঁর অপমান বাংলার মানুষ মেনে নেবেন না। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, “নেতাজির ফাইল কোন আলমারিতে গচ্ছিত?“

প্রকল্পের নাম পরিবর্তন থেকে পুলিশের ভূমিকা- একের পর এক অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। সাধারণ মানুষের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা আর কতদিন চুপ থাকবেন?” তাঁর কথায়, নীরব থেকে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।