কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সদস্যরা বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমবঙ্গ সফর করেন। দু'দিনের সফরে বিভিন্ন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নেওয়া হয়। সেই পর্বে শুক্রবার কলকাতার নিউ টাউনে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের সংগঠন সুপারঅ্যানুয়েটেড আইপিএস অফিসার্স অ্যাসোসিয়েশন (সিপসোয়া)-এর প্রতিনিধিরাও কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
সংগঠনের পক্ষ থেকে প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি অধীর শর্মা জানান, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের স্বার্থে কমিশনের কাছে ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, সিজিএইচএসের আওতা সম্প্রসারণ এবং সিজিএইচএস-বহির্ভূত পেনশনভোগীদের জন্য ফিক্সড মেডিক্যাল অ্যালাউন্স উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, বয়স্ক পেনশনভোগীদের জন্য হোম কেয়ার পরিষেবা, পেনশন কমিউটেশন পুনর্বহালের সময়সীমা বর্তমান ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার দাবি।
এ ছাড়াও ২৫ শতাংশ ডিয়ারনেস রিলিফ পেনশনের সঙ্গে যুক্ত করা, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ নির্ধারণ এবং প্রতিরক্ষা বাহিনীর আদলে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ নীতি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের ক্ষেত্রেও প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। অধীর শর্মা জানান, কমিশনের সদস্যরা সংগঠনের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। কমিশনের কাছে আগেই একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
















