আসানসোল শহরের ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে বেআইনি পার্কিং এবং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলা বা নামানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সাফ জানালেন, নির্ধারিত বাস বা অটোস্ট্যান্ড থেকে যাত্রী না তুললে আগামীতে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। প্রয়োজনে গাড়ির চাকা লক করে দিতেও তিনি দুবার ভাববেন না, জানিয়ে দিলেন মন্ত্রী। পাশাপাশি ট্রাফিক পুলিশকেও হুঁশিয়ারি অগ্নিমিত্রা বলেন, 'সাধারণ মানুষের স্বার্থে বাস শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ডেই দাঁড় করান। যত্রতত্র রাস্তায় বাস, অটো দাঁড় করিয়ে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করবেন না।'
রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের সাধারণ মানুষ থেকে পরিবহন কর্মীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, নির্ধারিত স্ট্যান্ডেই বাস অটো দাঁড় করানো উচিত, তা না হলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়। উন্নত গতিশীল শহরের শৃঙ্খলাবদ্ধ পরিবহনের গুরুত্ব বোঝানোর জন্য মন্ত্রীদেরও সচেষ্ট হতে হবে। আসানসোলে অগ্নিমিত্রার আকস্মিক পরিদর্শনে অনেকেই অবাক হয়ে যান। বেশ কয়েকটি গাড়ি নিয়ম বহির্ভূতভাবে যাত্রী তোলায় তাদের রাস্তায় দাঁড় করিয়ে চালকদের কড়া বার্তা দিতেও দেখা যায় অগ্নিমিত্রাকে।
















