জন্মদিনে বাংলার মা-বোনেদের জন্য ‘অন্নপূর্ণা’ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর (Prime Minister) ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গজুড়ে পালিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’ (Annapurna Divas)। এদিন ভিডিও বার্তায় রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা এবং সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বক্তব্য রাখলেন মোদি। একই সঙ্গে প্রশাসনিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর দাবি, সরকারি পরিষেবা পেতে এখন আর বাংলার মানুষকে ‘কাটমানি’ দিতে হয় না।

আরও পড়ুন: পুজোর মুখে স্বস্তি টলিপাড়ায়? অবশেষে খুলছে ফেডারেশনের তালা

অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ টেনে এদিন মোদি বলেন, সংসারের দৈনন্দিন খরচ কিংবা হঠাৎ আসা জরুরি ব্যয়ের চিন্তা কিছুটা কমলে পরিবারের মহিলাদের আত্মবিশ্বাসও বাড়ে। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের এই প্রকল্প সেই আর্থিক নিরাপত্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘অন্নপূর্ণা যোজনা বাংলার মা-বোনেদের আত্মবিশ্বাস ও অর্থনৈতিক সুরক্ষা জোগাচ্ছে।’’

নারীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক উদ্যোগের কথাও তুলে ধরেন মোদি। গর্ভবতী মহিলাদের জন্য ‘মাতৃ বন্দনা’, কন্যাসন্তানের সুরক্ষা ও শিক্ষায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘সুকন্যা সমৃদ্ধি’, ‘মুদ্রা যোজনা’, ‘উজ্জ্বলা’, ‘জল জীবন মিশন’, ‘সৌভাগ্য’ এবং ‘আয়ুষ্মান ভারত’-এর মতো প্রকল্পের উল্লেখ করেন তিনি। পাশাপাশি সেনাস্কুলে মেয়েদের প্রবেশাধিকার এবং মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

আরও পড়ুন: হিটম্যান “Not good in Bed”! বিতর্কিত মন্তব্যে জড়ালেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ সোফিয়া

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষ জায়গা করে নেয় রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন। গত ৪ মে-র পরিবর্তনের প্রসঙ্গ তুলে মোদি বলেন, বাংলার পরিবর্তনের ক্ষেত্রে মা-বোনেদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে বলেও জানান তিনি। এদিন প্রধানমন্ত্রী জানান, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছচ্ছে। ফলে কোনও দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন পড়ছে না।

এখানেই ‘কাটমানি’ প্রসঙ্গটি ফের সামনে আনেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘‘এখন আর বাংলায় কাটমানি চলে না।’’ যোগ্য কোনও মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন, সে বিষয়েও প্রশাসনকে নজর রাখার বার্তা দেন তিনি।

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়েও সরব হন মোদি । তাঁর অভিযোগ, গত ১২ বছরে রাজ্যে কেন্দ্রের একাধিক প্রকল্পের কাজ ধীরগতিতে চলেছে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আটকে থাকা কাজগুলিতে গতি এসেছে বলে দাবি করেন তিনি।