ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তাকে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল (TMC) সভানেত্রী। তীব্র আক্রমণ করে তিনি বলেন, “পুলিশ দলদাসে পরিণত হয়েছে। কোন কোন পুলিশ অত্যাচার করছে, তা লিখে রাখা হচ্ছে।” মমতার কথায়, দিল্লিতে গদি উল্টে গেলেই রাজ্যেও বিজেপির (BJP) আসন টলমল হয়ে যাবে। 

এদিন ফেসবুক লাইভে (Face Book Live) ক্ষোভ উগরে মমতা বলেন, ”৪ তারিখের পর থেকে ৪ হাজারেরও বেশি তৃণমূলের পার্টি অফিস দখল করেছে বিজেপি। আর সবটাই চেয়ে চেয়ে দেখছে পুলিশ। ক্যামাক স্ট্রিটে তাণ্ডব চালানোর ঘটনায়ও পুলিশ চরম উদাসীনতা দেখিয়েছে। ঢিল ছোড়া দূরত্বে থানা থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” তৃণমূল সুপ্রিমোর কথায়, বিধায়করা এখন বিডিও-র চেয়ারে বসছেন, পুলিশ বলছে তৃণমূলের সঙ্গে থাকা যাবে না। বিজেপির কর্মী নেই বলে পুলিশকে ক্যাডার হিসেবে ব্যবহার করছে বিজেপি।

এদিন ভোরে তৃণমূলের অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অফিসে ৪ জনকে আটকে রেখে রীতিমতো অত্যাচার চালানো হয়েছে। কম্পিউটার লুট হয়েছে, দলিল ও রেকর্ড চুরি হয়েছে।

দেশজুড়ে জেন জি (Gen Z) আন্দোলনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে বিজেপি সরকার। দেশ উত্তাল হয়েছে সেই আন্দোলনে। তাই এবার কোনওরকম অরাজকতা বরদাস্ত করবে না দেশবাসী। দিল্লিতে বিজেপির গদি যে এবার টলমল, তা এদিন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন মমতা। তাই এ রাজ্যে সদ্য ক্ষমতায় এসে বিজেপি যেন আত্মতুষ্টিতে না ভোগে। দিল্লির গদি একবার নড়লে রাজ্যেও বিজেপির পতন কার্যত অনিবার্য—এমনটাই এদিন ইঙ্গিত করেন তৃণমূল নেত্রী।