নিয়ম মেনে আবেদন করেও মিলছে না অন্নপূর্ণার টাকা। এই অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বেশিরভাগ মহিলাদেরই। এত খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত আবেদনকারীর তথ্য যাচাই করছেন সরকারি আধিকারিকরা যার জন্যে মাসের পর মাস ধরে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য মহিলারা টাকা পাচ্ছেন না। এর মধ্যে অন্নপূর্ণার টাকা ঢুকল এক বৃদ্ধের অ্যাকাউন্টে। তারপর থেকে আতঙ্কে রয়েছেন তিনি। সেই টাকা ফেরত দিয়ে মরিয়া ওই বৃদ্ধ।

কীভাবে ওই বৃদ্ধের কাছে ৩০০০ টাকা ঢুকল? ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের। রঘুনাথগঞ্জ-২ ব্লকের খড়কাঠি গ্রামের বাসিন্দা সামজাদ শেখ। তৃণমূল কংগ্রেসের সরকারের আমল থেকে তিনি প্রতিবন্ধী ভাতা পান। ওই বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই চলতি মাসে দিন কয়েক আগে ৩০০০ টাকা ঢুকেছে। 

সামজাদ শেখের দাবি, গত ১৭ অগাস্ট হঠাৎ তাঁর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকে। মেসেজে টাকার অঙ্ক দেখেই তিনি বুঝতে পারেন সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের। পরিবারের সদস্য টুটুল শেখ জানান, তাঁদের পরিবারের কারও সঙ্গে এই অ্যাকাউন্টের লিঙ্ক নেই। কীভাবে টাকা এল তা রহস্যের। 

সামজাদের বক্তব্য, "প্রশাসনের কাছে পুরো টাকা ফেরত দিতে চাই।" এর পরেই রঘুনাথগঞ্জের বিডিও অফিসে যান সামজাদ। সেখানে ট্রেজারি চালানের ফর্ম পূরণ করেছেন তিনি। টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সামজাদের পরিবারের সদস্য টুটুলের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

এরপরেই রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও শুভময় মাঝি বলেন,"বিষয়টা আমরা দেখছি। কী ভাবে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে।"