ভোটার তালিকায় নাম না থাকার কারণে নদিয়া জেলায় প্রায় এক লক্ষ জব কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। ১০০ দিনের কাজের পরিবর্তে চালু হওয়া নতুন 'ভিবি জিরামজি' প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে এঁদের বাদ রাখতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের একাংশের দাবি, ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে প্রকল্প থেকে সরাতেই এই উদ্যোগ। তবে ভোটার তালিকায় নাম না থাকলেই কোনও নাগরিক বা শ্রমিককে সরাসরি ‘ভুয়ো’ বলে দাগিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও অসন্তোষ।

সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ নদিয়া জেলা সফরে এসে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পূর্ণাঙ্গ রিপোর্ট খতিয়ে দেখেন। সেই পর্যালোচনায় উঠে আসে, ১০০ দিনের কাজের জব কার্ড রয়েছে এমন বহু প্রাপকের নাম বর্তমান ভোটার তালিকায় মিলছে না। এর পরেই ওই উপভোক্তাদের প্রকৃত অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে জেলা প্রশাসন। প্রকৃত প্রাপকরা প্রশাসনিক জটিলতা ও ভোটার তালিকা সংশোধনের ফাঁদে পড়ে কাজ হারাচ্ছেন কি না, তা নিয়ে শ্রমিক মহলে সংশয় বাড়ছে।