এলাকার উন্নয়নের কাজে গিয়ে বিজেপির সন্ত্রাসের মুখে পড়তে হয় সাংসদ মহুয়া মৈত্রকে (MP Mahua Moitra)। তেহট্ট থানায় (Tehatta Police Station) বিজেপির আটজনের বিরুদ্ধে মেল মারফত অভিযোগ জানান সাংসদ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বিজেপির ক্যাডার সহ নদিয়ার তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতিও।

বুধবার তেহট্টে এলাকার কাজে গিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। বিজেপি কাজ করতে দেয়নি। যেন তেন প্রকারে মহুয়াকে হেনস্থা করে ফেরত পাঠানোর চক্রান্ত করেছিল বিজেপি ক্যাডাররা। পুলিশের উপস্থিতিতেই সাংসদকে চরম হেনস্থা করা হয়।

তবে ভয় পাননি মহুয়া। সোশ্যাল মিডিয়া লাইভে এসে তিনি গোটা ঘটনার ভিডিও করেন। বিচারপতিকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ মহুয়া বলেন, দেখুন বিজেপির অসভ্যতা। ডিম ছুঁড়ছে। একের পর এক ডিম আমার শরীরে গুলির মতো এসে লাগছে। এটাই নতুন বাংলার সংস্কৃতি। পুলিশ, এসপি সব নীরব দর্শকের ভূমিকায়।

সাংসদ মহুয়াকে রক্ষা করতে ব্যর্থ পুলিশ। বাংলায় এখন নৈরাজ্য চলছে। তারই বহিঃপ্রকাশ তেহট্টের এই ঘটনা। বিজেপির নোংরা রাজনীতির মুখোশ টেনে খুলে দেন মহুয়া। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।