ভয়াবহ হড়পা বানের জেরে হয়ত চিনের সীমান্ত আটকে রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায় (Sharmistha Bhowmik Ray)। যোগাযোগ ব্যবস্থার সমস্যায় ফোন করতে পারছেন না বাড়িতে। এই পরিস্থিতিতে স্ত্রীর সঠিক খবর নিয়ে আসার আর্জি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী নবান্নে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করবেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Ray)৷ বুধবার, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। তবে, তিনি একা নন, শর্মিষ্ঠার সঙ্গে কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ ৩১ জনের পরিবারও তাঁর সঙ্গে থাকবেন বলে খবর। 

‘চলো যাই’ বলে একটি সংস্থার সঙ্গে কৈলাস-মানস সরোবর যাত্রায় পরিবার থেকে একাই গিয়েছেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা। ২৬ অগাস্ট নেপালের ভয়াবহ হড়পা বানের পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এমনকী, তাঁর ভ্রমণসঙ্গীদেরও কোনও খোঁজ নেই। স্ত্রীর খোঁজ পেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন শুভ্রাংশু। আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন শুভ্রাংশু ৷ তাঁর বিশ্বাস, তিব্বত এলাকায় চিন সীমান্তেই কোথাও আটকে রয়েছেন শর্মিষ্ঠা-সহ বাকি পর্যটকরা। এবার বাকি ৩১ জনের পরিবারকে সঙ্গে নিয়ে নবান্নে যাবেন মুকুল-পুত্র ৷ তাঁর আশা খুব দ্রুত কোনও ভালো খবর পাওয়া যাবে। 

শুভ্রাংশু বলেন, "৩২ জনের পরিবারের দু’জন করে সদস্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব ৷ আমি আর আমার মেয়ে যাব ৷ মুখ্যমন্ত্রী নিজেও খোঁজ নেওয়ার চেষ্টা করছেন ৷ উনি মিটিং করেছেন ৷ সেন্ট্রালের কাছে আবেদন জানিয়েছেন ৷ পুলিশ প্রশাসনের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন ৷ আশা করছি আমরা পাব ৷"

দুর্যোগের পর পেরিয়ে গিয়েছে ২১ দিন৷ কিন্তু, এখনও নিখোঁজ মুকুলের পুত্রবধূ শর্মিষ্ঠা ৷ এই পরিস্থিতিতে শুভ্রাংশুর পাশে দলমত নির্বিশেষ দাঁড়িয়েছেন সব দলের রাজনৈতিক নেতৃত্ব। কিছুদিন আগে শুভ্রাংশুর সঙ্গে দেখা করতে যান সিপিআইএম নেতা শতরূপ ঘোষও৷ শুভ্রাংশু এবং তাঁর মেয়ের সঙ্গে কথা বলেন তিনি৷ শর্মিষ্ঠার ফিরে আসার অপেক্ষায় রায় পরিবার। এই পরিস্থিতিতে কোনও গুজব না ছড়াতেও আবেদন করেছেন শুভ্রাংশু।