নদিয়ার আড়ংঘাটায় (Aranghata, Nadia) স্বর্ণ ব্যবসায়ীকে খুন করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই ব্যবসায়ীর নাম বিকাশ দাস (Bikash Das)। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে। দোকানের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাত করার হয় এবং পরে শরীরে অ্যাসিডও (Acid) ঢালা হয়। একই সঙ্গে দোকান থেকে সোনার গয়না এবং প্রায় তিন লক্ষ টাকা নগদ উধাও বলে দাবি পরিবারের।
আড়ংঘাটা স্টেশনের কাছে জাগ্রতপাড়ায় (Jagratapara) বিকাশ দাসের একটি সোনার দোকান (Gold Shop) ছিল। ছাড়াও রানাঘাটে (Ranaghat) তাঁর আরও একটি দোকান রয়েছে। বুধবার রাতে দোকান বন্ধ করার কথা থাকলেও, বন্ধক রাখা গয়না ছাড়াতে কয়েকজন গ্রাহক আসবেন বলে তিনি দোকানেই ছিলেন। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ এলাকার এক ব্যবসায়ী দোকানের ভিতরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাঁকে উদ্ধার করে সব্দালপুর গ্রামীণ হাসপাতালে (Sabdalpur Gramin Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, মাথায় একাধিক কোপ মারার পর তাঁর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়।
পরিবারের দাবি, ঘটনার পর দোকান থেকে সোনার গয়না ও প্রায় তিন লক্ষ টাকা নগদ নিয়ে পালায় দুষ্কৃতীরা। তাঁদের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ধানতলা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) এবং মৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল রেকর্ড (Call Record) খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।
















