রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে ফের এনসিসি প্রশিক্ষণের ব্যবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। রবিবার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের এই পরিকল্পনার কথা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের শিক্ষানীতি ও জয়হিন্দ বাহিনী চালুর সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ছাত্রাবস্থা থেকেই নিয়মানুবর্তিতা ও রাষ্ট্রপ্রেমের পাঠ গড়ে তোলার ক্ষেত্রে এনসিসি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকার অত্যন্ত সংকীর্ণ ভাবনা থেকে স্কুল-কলেজগুলি থেকে এনসিসি তুলে দিয়ে জয়হিন্দ বাহিনী চালু করেছিল বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এনসিসি চালুর বিষয়ে কিছু নির্দিষ্ট প্রোটোকল রয়েছে। স্কুল এবং কলেজগুলিকে এ বিষয়ে আবেদন করতে হবে। রাজ্য সরকারের তরফেও এই নিয়ে প্রয়োজনীয় চিঠি পাঠানো হচ্ছে।’’ শিক্ষাঙ্গনে এই প্রশিক্ষণ কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্য প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত বলেও তিনি আশ্বাস দেন।
এর পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের প্রশ্নেও এদিন একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের পুলিশ, দমকল, বন দফতর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীতে প্রশিক্ষিত ‘অগ্নিবীর’দের জন্য ২০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে দেশের সশস্ত্র বাহিনী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ দিয়ে থাকে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এটি চালু থাকলেও পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে তা বন্ধ করে নিজস্ব বাহিনী তৈরি করা হয়েছিল। তবে পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার পুনরায় কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও দেশসেবার পাঠ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল।
















