আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত চিকিৎসক তরুণীর মৃত্যুবার্ষিকীতে আলাদা এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এরপর সোমবার বারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। একাধিকের বিরূদ্ধে FIR রুজু করা হয়। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh), সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ফের আরজি কর ফাইল ফের খোলা হয়েছে। স্বাস্থ্যদফতর আলাদা করে তদন্ত করতে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও। গত রবিবার (৯ অগাস্ট) পানিহাটিতে আয়োজিত অভয়ার স্মরণসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘোলা থানার অন্তর্গত নাটাগড় কদমতলা শ্মশানে নির্যাতিতার দাহকার্য প্রক্রিয়ায় বেআইনি কাজ করা হয়েছিল। এই ঘটনায় প্রভাবশালী যোগের দিকে আঙুল তুলে নির্মল, সোমনাথ, সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ করেন শুভেন্দু। এরপরই নতুন করে এফআইআর দায়ের করেছেন নির্যাতিতার বাবা। সংশ্লিষ্ট তিনজনের ভূমিকা বিশদে খতিয়ে দেখা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি দাহকার্যের সময় কেন মৃতের পরিবারের কাছ থেকে কোনও খরচ নেওয়া হয়নি তা নিয়েও নতুন করে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।।