বিধানসভা নির্বাচনের আগে ঘোষিত বিজেপির ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) আবারও চর্চায়। নির্বাচনী প্রচারে জানানো হয়েছিল, যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতিকে (Promise) সামনে রেখেই বহু মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সরকার গঠনের পর প্রকাশিত প্রকল্পের নির্দেশিকায় একাধিক যোগ্যতার শর্ত যুক্ত হওয়ায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সরকার গঠনের দুমাসের মধ্যেই নতুন নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীর পরিবারের কোনও সদস্য সরকারি বা সরকারি পোষিত সংস্থার কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, পেনশনভোগী বা আয়করদাতা হলে ওই পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না। এছাড়াও পরিবারের কেউ জনপ্রতিনিধি হলে, নির্দিষ্ট সরকারি ভাতা বা পেনশন পেলে কিংবা পরিবারের নামে চার চাকার গাড়ি থাকলেও আবেদন গ্রহণ করা হবে না।
শুধু তাই নয়, আবেদন প্রক্রিয়ায় (Application Process) পরিবারের প্রত্যেক সদস্যের আধার, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর সহ একাধিক তথ্য জমা দিতে হবে। সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমে যাচাই করা হবে। কোনও তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
এই শর্তগুলি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নির্বাচনের সময় যে বিস্তৃত পরিসরে প্রকল্পের কথা বলা হয়েছিল, বাস্তবে সেই সুবিধা কতজন মহিলার কাছে পৌঁছবে। যোগ্যতার মানদণ্ড কঠোর হওয়ায় প্রকল্পের আওতায় আসা উপভোক্তার সংখ্যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এখন নজর থাকবে, কতজন এই প্রকল্পের সুবিধা পান।
















