কলকাতা ও শহরতলিতে যানজট কমাতে সুসংগঠিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই লক্ষ্যে নতুন পার্কিং নীতি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। শনিবার নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে পুলিশ এবং পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে শহরের পার্কিং ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও আধুনিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সূত্রের খবর, বৈঠকে একটি নতুন পার্কিং অ্যাপ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ওই অ্যাপের মাধ্যমে শহরের বিভিন্ন পার্কিং স্থানের তথ্য, খালি জায়গার অবস্থান এবং পার্কিং ব্যবস্থাপনা আরও সহজ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, শহরে পার্কিংয়ের জন্য চিহ্নিত স্থানগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার ওপরও জোর দেন মন্ত্রী। সরকারের লক্ষ্য, পরিকল্পিত পার্কিং ব্যবস্থার মাধ্যমে রাস্তার উপর অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং কমিয়ে যানজট নিয়ন্ত্রণে আনা এবং নাগরিকদের আরও উন্নত পরিষেবা দেওয়া।
















