সোমবার সাত সকালে দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় তল্লাশি  এনআইএ-র। কয়েক ঘণ্টার তল্লাশির পর গ্রেফতার গোলাম জামা নামে এক ব্যক্তি।মূল অভিযোগ, তিনি মানবপাচারের সঙ্গে যুক্ত।

 সোমবার  সকালে গোলামের বাড়িতে আচমকাই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘ্ণ্টা তিনেকের মধ্যেই গ্রেফতার করা হয় গোলামকে। ট্রাভেল এজেন্সিতে চাকরি করার আড়ালে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঠিকা শ্রমিক সরবরাহ করতেন গোলাম, এমনকি জাল পাসপোর্টও তৈরি করতেন বলে গুরুতর অভিযোগ রয়েছে ধৃত  গোলামের নামে।

 স্থানীয় সূত্রে খবর, প্রায় তিন বছর আগে পরিবার নিয়ে দুর্গাপুরে আসেন গোলাম নামে ব্যক্তি, যিনি এলাকায় গোলাম রাজা নামে পরিচিত ছিলেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গোলাম জামার বাড়ি মূলত বিহারে হলেও ছত্তিশগড়েও তাদের একটি বাড়ি রয়েছে। প্রতিবেশীদের দাবি, গোলাম জামা মাস ছয়েক আগে মালয়েশিয়ায় গিয়ে টায়ারের দোকানে কাজ করত।

স্থানীয়দের সূত্রে আরও তথ্য উঠে এসেছে,  ছত্তিশগড়ের কোনো একটি নাশকতামূলক ঘটনার সঙ্গে তাঁর যোগ থাকতে পারে।  সেখানকার একটি ট্রাভেল এজেন্সিতে ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। কয়েক মাস আগে সে তার মোবাইল সিম কার্ড বদল করেছিল এবং কিছুদিন এলাকা ছেড়েও পালিয়ে ছিল।আবার ফিরে আসে। 

 

 সালাউদ্দিন আনসারী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ""আমরা শুনেছিলাম যে এই গোলাম জামা ছত্রিশগড়ে একটি ট্রাভেল এজেন্সিতে ভুয়ো পাসপোর্ট তৈরি করেছিল। তার তদন্ত চলছিল বলে  আমরা শুনতে পেয়েছি। ছয় মাস আগে মোবাইলের সিম চেঞ্জ করেছিল গোলাম জামা। এবং বেশ কিছুদিন সে এলাকা ছেড়ে পালিয়ে ছিল। ""তাহলে কি ভুয়ো পাসপোর্ট তৈরি করে বিদেশে ঠিকা কর্মী পাঠানো এটাই ছিল গোলাম জামা এবং তাদের নেটওয়ার্কের কাজ?তদন্ত চালাচ্ছে এনআইএ আধিকারিকরা।।