ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং মেধাতালিকার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এমন বার্তা দিয়ে WBJEE-2026-এর কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিং নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাটানোর উদ্যোগ নিল রাজ্য। রবিবার উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Higher Education Minister Jagannath Chattopadhyay) জানান, মেধার প্রশ্নে বর্তমান সরকার কোনও আপস করবে না। পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কাউন্সেলিং ব্যবস্থা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা দূর করতেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (Joint Entrance Board) প্রয়োজনীয় সংশোধনের পথে হেঁটেছে বলে জানান তিনি।
সেই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড নতুন সংশোধনী জারি করে জানিয়েছে, ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার কিংবা ফার্মাসি পাঠক্রমে ভর্তি হয়ে থাকা পরীক্ষার্থীরাও কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে আগে ভর্তি হয়ে যাওয়ার কারণে এই প্রক্রিয়া থেকে যোগ্য পরীক্ষার্থীদের বাদ পড়তে হবে না।
বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে আবেদন জমা পড়ার পর বোর্ড গোটা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গত ২৭ অগাস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির কয়েকটি অংশে পরিবর্তন এল। সংশোধিত নিয়মাবলি কী হবে এবং কোন সময়সূচি মেনে পরবর্তী কাউন্সেলিং চলবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে বোর্ড জানিয়েছে।
কলেজে পৃথকভাবে ভর্তি করানোর সুযোগকে ঘিরে যাতে নিয়মের বাইরে কোনও পরীক্ষার্থী সুযোগ না পান, সে বিষয়েও কড়া নজর রাখার কথা জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী। নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে ভর্তি প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার উপর জোর দিয়েছে সরকার। বিস্তারিত নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের অযথা আতঙ্কিত না হওয়ার আবেদনও জানানো হয়েছে।















