স্বাধীনতা দিবসের দিন শহরবাসীদের যাতায়াতে কিছুটা হলেও মিলবে ভিন্ন ছবি। উৎসবের দিনে এক দিকে যেমন শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকে, তেমনই অন্য দিকে মেট্রো রেলেও থাকছে ট্রেনের সংখ্যায় রদবদল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৫ আগস্ট একাধিক রুটে কমছে ট্রেনের সংখ্যা, আবার একটি রুটে পরিষেবা পুরোপুরি স্তব্ধ রাখা হচ্ছে।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইন এবং গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসে ব্লু লাইনে মোট ১৯৪টি সার্ভিস চালু থাকবে। গ্রিন লাইনে সে দিন চালানো হবে মোট ১৪৮টি ট্রেন। অন্য দিকে, অরেঞ্জ লাইনে ওই দিন কোন মেট্রো চলবে না, সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা।
তবে কিছু কিছু রুটে যাতায়াত স্বাভাবিক থাকছে। ইয়েলো লাইনে নির্ধারিত স্বাভাবিক ৯২টি সার্ভিসই চালু রাখা হবে। এ ছাড়া পার্পল লাইনেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না, স্বাভাবিক ছন্দেই ট্রেন চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম রুটের ক্ষেত্রে ডাইরেক্ট মেট্রোর সংখ্যা কিছুটা কমছে। অন্যান্য দিন ৫টি ডাইরেক্ট সার্ভিস মিললেও স্বাধীনতা দিবসে পাওয়া যাবে ৪টি পরিষেবা।
মেট্রোর সংখ্যায় পরিবর্তন আনা হলেও প্রথম ও শেষ ট্রেনের সূচিতে কোনো রদবদল করা হয়নি। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিভিন্ন লাইনে পরিষেবা কমানো বা বন্ধ রাখা সত্ত্বেও দিনটির জন্য প্রথম এবং শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে। ফলে ছুটির দিনে যারা জরুরি প্রয়োজনে বের হবেন, তাঁদের আগাম সূচি দেখেই যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
















