কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে রাজ্যে বিধানসভায় আগামী বুধবার ১২ অগস্ট একদিনের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে । ওই দিনই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। 

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমান ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। 

সরকারি সূত্রের খবর, সংশোধনী বিল পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। এরপর নতুন ওয়ার্ড সীমানা নির্ধারণ, খসড়া প্রকাশ এবং আপত্তি-নিষ্পত্তির মতো প্রক্রিয়া সম্পন্ন হবে। 

বিধানসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ অগস্ট সকাল ১১টায় বিধানসভার বৈঠক শুরু হবে। ওই দিনের কার্যসূচিতে পুর আইন সংশোধনী বিলই মূল বিষয় হলেও, কম্পট্রোলার এন্ড অডিটির জেনারেলের রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে বলে বিধানসভা সূত্রের খবর। 

রাজনৈতিক মহলের মতে, পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি হলে কলকাতা ও হাওড়ায় জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্বের ভারসাম্য আনার পাশাপাশি প্রশাসনিক পরিষেবা আরও বিকেন্দ্রীকরণের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, বিশেষ অধিবেশনে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা হলে তা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।