নেতাজিকে (Netaji) নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন অনন্ত মহারাজ (Ananta Maharaj)। তাঁর সেই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। কিন্তু তাতেও থামল না বিতর্ক। ক্ষমাপ্রার্থনার পরদিনই অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল কোচবিহার জেলা পুলিশ (Coochbehar District Police)। নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) নিয়ে তাঁর বক্তব্যের বিরুদ্ধে এক বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ।
নেতাজির স্বাধীনতা সংগ্রামে ভূমিকা এবং আজাদ হিন্দ ফৌজ নিয়ে অনন্তের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে। এরপরই বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে সংক্ষিপ্ত ভিডিওবার্তা প্রকাশ করে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন অনন্ত। তিনি বলেন, “নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ মানসিক আঘাত পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।”
কিন্তু সেই ক্ষমাপ্রার্থনার পরও অভিযোগের ভিত্তিতে পুলিশি প্রক্রিয়া বন্ধ হয়নি। কোচবিহারের পুলিশ সুপার মণীশ জোশী (Cooch Behar Superintendent of Police Manish Joshi) জানিয়েছেন, গত ৭ অগস্ট শহরের ১০ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অনন্ত মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। নেতাজি সংক্রান্ত তাঁর মন্তব্যের বিরুদ্ধেই ওই অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ফলে সম্মান প্রত্যাহারের পর এবার আইনি পদক্ষেপেও অস্বস্তি বাড়ল বিজেপি সাংসদের।
নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ক্ষেত্রে আগেই কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অনন্তের প্রকাশ্য ক্ষমাপ্রার্থনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখার কথা বললেও, আইনের নিজস্ব প্রক্রিয়া চলবে বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
















