রাজারহাটের বোমা বিস্ফোরণে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। এই নিয়ে ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করা হল। বাড়ির মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে। শনিবারই ওই বাড়ির ভাড়াটে মহম্মদ শামিম ওরফে সেলিমকে কামারহাটি (Kamarhati) থেকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্ত দালাল মহম্মদ শাহেনশাহকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার রাত ৮ টা নাগাদ রাজারহাটের (Rajarhat) দক্ষিণ নারায়ণপুড়ে জুলফিকার আনসারি নামের এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটে। যে ঘরে ওই বিস্ফোরণ হয় সেটি দিন দুয়েক আগেই মহম্মদ শামিম ওরফে সেলিম নামের একজন ভাড়া দেন বলে জানান বাড়ির মালিক। স্থানীয় দালাল মহম্মদ শাহেনশাহর মাধ্যমে ওই ভাড়াটেকে বাড়ি ভাড়া দেন বলে জানিয়েছেন জুলফিকার। ঘটনায় ২ জন আহত হন। 

শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় বেঙ্গল এসটিএফ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড, পৌঁছে যায় বিধাননগর থানার ডিটেকটিভ স্কোয়াড। যায় NIA-ও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আরও দুটি বোমা।

 তদন্তে নেমে মহম্মদ শামিম ওরফে সেলিমকে কামারহাটি থেকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গ্রেফতার করা হয় অভিযুক্ত দালালকেও। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিসিটিভিতে দেখতে পাওয়া কিশোর ও বাড়ির মালিক জুলফিকর আনসারিকে।