বিশ্ববিদ্যালয়ের (University) গেটে এবার কি বসবে কড়া নজরদারি? ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করার দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ (Jadavpur University) রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই এই দাবি জানানো হয়েছে। 

আরও পড়ুন: আজ কত দর সোনা রুপোর দেখে নিন এক নজরে

মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বিষয়টি তোলা হয়। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের (Ravindra Vithalrao Ghuge) ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। কেন এমন দাবি? মামলাকারীর অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে বাইরের লোকজনের অবাধ যাতায়াতের জেরে বার বার অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। তার প্রভাব পড়ছে সাধারণ পড়ুয়াদের উপরও। পড়াশোনার পরিবেশ থেকে শুরু করে ক্যাম্পাসের স্বাভাবিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: জমি দিচ্ছে রাজ্য, কম্পটন-মিহিরদের নিয়ে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরির ঘোষণা মিঠুনের

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ও গেরুয়াপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষের পর বিষয়টি নতুন করে সামনে আসে। সেই অশান্তির সময় বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগতদের ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগও ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র চাপানউতোর।

এই পরিস্থিতিতেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে আদালতে। শুধু যাদবপুর নয়, রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই যাতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।