অবসর গ্রহণের পর রাজ্য সরকারের কর্মীদের পেনশন(Pension) প্রক্রিয়াকে আরও দ্রুত করতে উদ্যোগী হল নবান্ন। কাগজপত্রের জটিলতা বা লাল ফিতে ফাঁস থেকে অবসরপ্রাপ্তদের মুক্তি দিতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের।
রাজ্যের সরকারি কর্মীদের অবসর-পরবর্তী পেনশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কাগজবিহীন করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। এবার থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত নথি এবং ই-সার্ভিস বুক সরাসরি অনলাইনে পাঠানো হবে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দফতরে। সেই উদ্দেশ্যে ডব্লিউবিআইএফএমএস-এর এইচআরএমএস মডিউলকে পিএসএআই পোর্টালের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর।
অর্থ দফতরের ২০ জুলাই জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, প্রথম পর্যায়ে দফতরগুলির হেড অফ অফিস ডিজিটাল স্বাক্ষরযুক্ত পেনশন পেপার ও ই-সার্ভিস বুক অনলাইনে পাঠাবেন। বর্তমানে যেমন মিডলওয়্যার সার্ভারের মাধ্যমে অনলাইন পাঠানোর পাশাপাশি হার্ড কপি পাঠানো হয়, তাও আপাতত চলবে। তবে নতুন ব্যবস্থা পুরোপুরি সচল হলে হার্ড কপি পাঠানোর প্রয়োজন থাকবে না।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দপ্তর থেকে ই-পিপিও, ই-জিপিও এবং ই-সিপিও-সহ পেমেন্ট অথরিটিগুলিও ডিজিটালভাবে তৈরি হয়ে সরাসরি ডব্লিউবিআইএফএমএস-এ ফিরে আসবে। সমস্ত অর্থ বিতরণকারী কর্তৃপক্ষকে সেই ডিজিটাল নথিই গ্রহণ করতে হবে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ এবং কাগজবিহীন হওয়ার আশা করছে প্রশাসন।
















