আদালতের নির্দেশ অবমাননা-সহ একাধিক অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে FIR দায়ের করল কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবার, ক্যাথিড্রাল রোডের পাশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়। সেখানে পুলিশি নিষ্ক্রিয়তায় যানজট হলে তৃণমূল সুপ্রিমো নিজে যান চলচলা স্বাভাবিক করান। কিন্তু তাঁর বিরুদ্ধেই আদালতের নির্দেশ অবমাননা-সহ আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়া, পুলিশের কাজে বাধা-সহ একাধিক অভিযোগ দায়ের হয়। 

শুক্রবার ক্যাথিড্রাল রোডে TMPC-র প্রতিষ্ঠা দিবসের সভা করে মমতা শিবির। হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। সেই মতোই সভা শুরু হয়। কিন্তু মমতা পৌঁছনোর পরেই জনস্রোতে রাস্তার অপর লেনটি ধরে রাখা সম্ভব হয়নি। ফলে রাস্তার পাশের প্রান্তটিও ব্যবহার করতে হয় কিছুক্ষণের  জন্য। ফলে রাস্তা অবরুদ্ধ হয়। আর এতেই মমতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যাদবপুরের অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী বলেন আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাই কোর্টের নির্দেশ ভাঙলেন, রাস্তার একটা অংশ ছেড়ে সভা করতে বলা হয়েছিল কিন্তু গাছের নীচ থেকে কয়েকটা লোককে ডেকে এনে রাস্তা আটকে কী করলেন! আমি পুলিশকে বলেছি এফআইআর করতে এবং হাইকোর্টে মুভ করতে।

এর পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হেস্টিংস থানায় এফআইআর রুজু হয়। স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে পুলিশ। আদালতের নির্দেশ অবমাননা-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।