বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনা রবিবার উত্তপ্ত বারুইপুর। এই ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। ঘটনার খবর পেয়ে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানীভবনে যেতে বলেছেন তিনি। পরিবারের সব দাবি শোনা হবে বলে আশ্বাসও দিয়েছেন।

১১ বছরের নাবালিকা শনিবার বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। দীর্ঘক্ষণ কেটে গেলেও সে বাড়ি ফেরেনি। রাতভর আত্মীয়স্বজন ও আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস পায়নি। পরিবারের অভিযোগ, এলাকারই চার যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই খবর ছড়াতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করার পর তথ্য প্রমাণ লোপাট করতে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমানও তাই, নাবালিকাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, পিটিয়ে মারা হল এক অভিযুক্তকে

গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ তাঁতিও নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত ছিলেন বলেই অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, নাবালিকা মৃত্যুর ঘটনায় ৪-৫ জন জড়িত। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভে শামিল হন উত্তেজিত জনতা।