বিক্ষোভ ও ডিম ছোড়ার অভিযোগে এ বার আদালতের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তেহট্টে (Tehatta), নিজের লোকসভা এলাকায় কর্মসূচিতে গিয়ে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছেন তৃণমূল সাংসদ। সোমবার সেই মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন  করা হলেও, তাৎক্ষণিক শুনানিতে রাজি হয়নি আদালত।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী! বিস্ফোরক কল্যাণ

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন মামলাটি ওঠে। সাংসদের আইনজীবীর বক্তব্য, নিজের সংসদীয় এলাকায় যাওয়ার ক্ষেত্রে মহুয়া মৈত্রকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশ থাকা সত্ত্বেও তেহট্টে তাঁর কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার মতো ঘটনা ঘটেছে। তাই এদিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মহুয়ার আইনজীবী।

তবে মামলাটি জরুরি ভিত্তিতে শুনতে চায়নি আদালত। বিচারপতি জানান, সাংসদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আদালত ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। ফলে নির্ধারিত তালিকা অনুযায়ীই মামলাটির শুনানি হবে।

আরও পড়ুন: টেক দুনিয়ায় তোলপাড়! মাত্র দু’মাসে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যাপল

ঘটনার সূত্রপাত গত ১৬ সেপ্টেম্বর। নদিয়ার তেহট্টের হাউলিয়া মোড়ে তৃণমূলের কর্মিসভায় যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেখানে তাঁকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের অভিযোগ ওঠে। কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। কর্মিসভা শেষ করে বেরনোর সময় ফের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ। সেই সময় নিজের ফেসবুক লাইভে ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরেন মহুয়া।