চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে ফের শীর্ষ আদালতে যোগ্য শিক্ষকরা (Teacher)। আবেদনও জানিয়েছে রাজ্য সরকারও। দু'পক্ষের আর্জি শুনতে রাজি সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৭ হাজার যোগ্য শিক্ষক ৩১ অগাস্ট পর্যন্ত কাজ করতে পারবেন বলে আগে জানিয়ে ছিল সর্বোচ্চ আদালত। একই সঙ্গে রাজ্যে ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য ও যোগ্য শিক্ষকরা।
যোগ্য শিক্ষকদের তরফে এদিন মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। রাজ্য সরকারের (State Government) তরফে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত শিক্ষকদের মেয়াদ বাড়ানো হোক। মামলাটি ৩১ অগাস্টের আগেই শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে শেষ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকর করতে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। ফলে, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাওয়া হবে বলে এর আগে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলার জেরে রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। পড়ুয়াদের কথা মনে রেখে প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরির ছাড়পত্র দেওয়া হয়। একই সঙ্গে ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই সময়ের মধ্যে নিয়োগ শেষ না হওয়ায় যোগ্যদের মেয়াদ বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়। সেই সময়ে শীর্ষ আদালত জানায়, রাজ্য নতুন নিয়োগ প্রক্রিয়া ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
এদিকে, তৃণমূল আমলে OBC-দের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু হয়। বিজেপি সরকারের আমলে তা ৭ শতাংশ করা হয়েছে। নতুন সংরক্ষণ বিধিতে এখন নিয়োগ কী হবে? তৃণমূল জমানার সংরক্ষণ বিধি মেনে যাঁরা সুপারিশপত্র পেয়েছেন তাঁদেরই কী হবে? এই নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে SSC। ফলে ভেরিফিকেশন প্রক্রিয়ার নির্দেশ দিয়েও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মধ্য শিক্ষা পর্ষদ।















