রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তাঁর দলের কুড়িজন সাংসদ। তার মধ্যে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ও। মমতার দয়ায় সাংসদ হয়েছেন তিনি। সাংসদ পদ ফিরিয়ে দিয়ে কেন বড় বড় কথা বলছেন না? এই প্রশ্ন আগেই তুলেছেন মমতা-পন্থী তৃণমূল। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে রচনা  NCPI নামক একটি দলে যোগদান করেছেন। এরপরেই তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ব্যবহার করেছেন। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রতীকে তিনি জেতেননি, তারকা মুখ বলেই তিনি জয়ী হয়েছেন। তাঁর যুক্তি, ভোটে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল কোনও তারকা মুখ। আর তিনি জনপ্রিয় তারকা বলেই হুগলি থেকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারাতে তাঁকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করেন মমতা। 

রচনা মমতার উদ্দেশে বলেন, "গড়িয়াহাট থেকে কিংবা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে হুগলিতে দাঁড় করালেন না? রচনাকে কেন দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রেটি স্ট্যাটাস আপনার দরকার ছিল। আর রচনা বন্দ্যোপাধ্যায় বলেই সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একজন রাম-শ্যাম-হরিকে দাঁড় করালে এই সিটটা পেতেন না।"