সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। প্রথম বার ওএমআর শিটে (OMR sheet) পরীক্ষা হওয়ায় এ বার পরীক্ষার পদ্ধতি থেকে উত্তরপত্র মূল্যায়ন, দুই ক্ষেত্রেই বদল থাকছে। যন্ত্রের মাধ্যমে ওএমআর শিট মূল্যায়নের পাশাপাশি উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রেও নতুন ব্যবস্থা চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এত দিন ট্রেনে করে আঞ্চলিক অফিসে উত্তরপত্র পাঠানো হলেও এ বার তা ডাকযোগে পাঠানো হবে।
পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে পৃথক ইউনিক সিরিয়াল নম্বর (Unique Serial Number)। পরীক্ষার্থীদের সামনেই সকাল ১০টা ৫৫ মিনিটে প্রশ্নপত্রের সিল খোলা হবে এবং সেই প্রক্রিয়ার প্রমাণ হিসেবে দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে। সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ করা যাবে, পরীক্ষা শুরু হবে ১১টায়। মেটাল ডিটেক্টরে পরীক্ষার্থীদের তল্লাশির পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি থাকবে। মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছে সংসদ। মোট ৯৯টি কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ দিকে পরীক্ষার সূচি দু’বার বদলানোর কারণে অ্যাডমিট কার্ড (Admit Card) নিয়েও সমস্যা তৈরি হয়েছে। কিছু স্কুল এখনও ফাইনাল অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের হাতে দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। তবে সংসদের তরফে জানানো হয়েছে, নতুন অ্যাডমিট কার্ড না পেলেও প্রথম বার দেওয়া কার্ড দেখিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে। পাশাপাশি বন্যার মতো পরিস্থিতিতে কোনও কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তৃতীয় সেমিস্টারে এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৬২০। ছাত্র ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১ এবং ছাত্রী ৪ লক্ষ ২ হাজার ৮৮৯। পরীক্ষা সংক্রান্ত তথ্য বা সমস্যার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। ০৩৩-২৩৩৭০৭৯২ এবং ৬২৮৯৮৮৬৬০৬ নম্বরে যোগাযোগ করা যাবে। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩৩৭৯৬৬১। সংসদ সভাপতি মসিউর রহমান সর্দার (Parliament Speaker Mashiur Rahman Sardar) জানিয়েছেন, পরীক্ষা শুরুর আগে থেকেই পরীক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হচ্ছে।
















