বীরভূমের রামপুরহাটে (Rampurhat, BJP) ঐতিহাসিক ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। এরপরই বিতর্ক সমালোচনা প্রতিবাদ শুরু হয়। চাপ বাড়তেই ফের নেতাজির নামের রাস্তা আগের নামেই ফেরালো বিজেপি।
ঠিক কী ঘটেছিল? রাতারাতি নেতাজি সুভাষ রোড ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’ হয়ে যাওয়া নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। নতুন এই ফলক উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক। রামপুরহাটের তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দাবি, এই নাম পরিবর্তনের কোনও অনুমোদন দেওয়া হয়নি। রামপুরহাট পুর-এলাকার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার নাম দীর্ঘদিন ধরেই নেতাজির নামে পরিচিত। কিন্তু সম্প্রতি ওই গেরুয়া রঙের নতুন নামের ফলকটি বসানো হয়েছে। বিতর্ক শুরু হতেই সরিয়ে দেওয়া হল শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত বোর্ড। পুনরায় ওই রাস্তায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ সাইনবোর্ড টাঙানো হল শুক্রবার রাতে।
গত ১২ অগাস্ট রাতারাতি বদলে যায় শহরের অন্যতম প্রধান সড়কের চেনা পরিচয়। রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা এই সড়ক বহু দশক ধরে ‘নেতাজি রোড’ নামেই পরিচিত। সেই রাস্তার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে এলাকায়। উল্লেখ্য, নেতাজির নামাঙ্কিত রাস্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করায় আপত্তি তুলেছিলেন স্থানীয় বিরোধী নেতৃত্ব থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের একাংশ। পাশাপাশি নেতাজির ছবি দেওয়া পোস্টারে ছেয়ে গিয়েছে রামপুরহাট। নাম ফেরানোর দাবিতে সোচ্চার সাধারণ মানুষও। এই প্রতিবাদের মুখে পড়ে বিজেপি সিদ্ধান্ত বদল করে।
















