ঝাড়গ্রামের জামবনি বিডিও দফতরে (Jamboni BDO Office, Jhargram) দুর্নীতির অভিযোগে বড় পদক্ষেপ রাজ্য দুর্নীতি দমন শাখার (State Anti-Corruption Branch)। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে (Sub-Assistant Engineer Bimal Saha) ২ লক্ষ টাকা ঘুষ (Bribe) নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একটি সরকারি প্রকল্পের বিল ছাড়ের বিনিময়ে তিনি ওই টাকা দাবি করেছিলেন। অভিযোগ পাওয়ার পর পরিকল্পিত অভিযান চালিয়ে ঘুষের টাকা নেওয়ার সময় তাঁকে হাতে-নাতে ধরা হয়। অভিযুক্তের কাছ থেকে ২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে।

একটি সাব-হেলথ সেন্টারের (Sub-health centre) নির্মাণকাজ শেষ হলেও বিল অনুমোদন আটকে ছিল। সেই বিল মঞ্জুর করার জন্যই সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টরের (Sub-contractor) কাছে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী এসিবির দ্বারস্থ হলে তদন্তকারীরা ফাঁদ পেতে অভিযান চালান। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনও সরকারি কর্মী ঘুষ চাইলে বা দুর্নীতির নির্দিষ্ট তথ্য থাকলে তা জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। এর জন্য হেল্পলাইন নম্বর ৯৮৩৬২৩৩৮৯১ এবং ই-মেল: acb-wb@nic.in সরকারিভাবে প্রকাশ করা হয়েছে। তবে এও বলা হয়েছে , অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রতিটি অভিযোগ আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে সম্প্রতি অ্যান্টি করাপশন ব্রাঞ্চে একাধিক আইপিএস অফিসারসহ নতুন পুলিশ আধিকারিক ও কর্মী নিয়োগ করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, সরকারি পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখা এবং ঘুষ বা অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও কড়া ব্যবস্থা নিশ্চিত করা।