রাজ্যে পালাবদলের পর থেকেই পারিশ্রমিক না পেয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী। অবশেষে সেই জট কাটিয়ে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের (ডিইও) বকেয়া পারিশ্রমিক মেটাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মোট ৬৬১২ জন ডেটা এন্ট্রি অপারেটরের জুলাই মাসের পারিশ্রমিক বাবদ ১১ কোটি ২২ লক্ষ ৩২ হাজার ৮৮ টাকা বরাদ্দ করা হয়েছে। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (পিএআর) দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রতিটি কর্মীর মাসিক পারিশ্রমিক ১৬ হাজার ৯৭৪ টাকা হিসেবে এই মোট অর্থ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দপত্র অনুযায়ী, অর্থ বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসক এবং কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল সেক্রেটারিকে। তাঁদের হাত দিয়েই সরাসরি কর্মীদের কাছে পারিশ্রমিকের টাকা পৌঁছবে। সরকারি বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে, এই নির্দিষ্ট অর্থ কেবলমাত্র চুক্তিভিত্তিক ডিইও কর্মীদের পারিশ্রমিক মেটানোর জন্যই ব্যবহার করা যাবে। কোনও অবস্থাতেই অন্য কোনও খাতে বা উদ্দেশ্যে এই টাকা সরানো বা খরচ করা চলবে না। পশ্চিমবঙ্গ ফিনান্সিয়াল রুলস এবং প্রযোজ্য সরকারি আর্থিক বিধি কঠোরভাবে মেনেই বিল তৈরি এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

জানা গিয়েছে, কলকাতা ছাড়াও রাজ্যের ২২টি জেলার জেলাশাসকের দফতর এই সরকারি বরাদ্দের আওতায় রয়েছে। ২০২৪ সালে পিএআর দফতরের জারি করা সংশ্লিষ্ট নির্দেশিকার ধারাবাহিকতা মেনেই এই অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘ টানাপোড়েনের পর হাঁফ ছেড়ে বাঁচলেন রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী।