রাজ্যের প্রাক্তন ডিজি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের (Rajib Kumar) স্ত্রী সঞ্চিতা কুমারকে (Sanchita Kumar) পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের (State Information Commission) সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হল! গত ২৫ জুলাই ২০২৬ রাজ্যপালকে পাঠানো ইস্তফা পত্রে সঞ্চিতা স্পষ্ট উল্লেখ করেছেন যে, রাজ্য সরকারের নির্দেশের কথা জানতে পেরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সরাসরি না হলেও ঘুরিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল সাংসদের স্ত্রীকে।
তথ্য অধিকার আইন ২০০৫-এর অধীনে সঞ্চিতাকে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এখন পালাবদলের বাংলায় ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার (BJP Government)। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য তথ্য কমিশনের সচিব রাজীব-পত্নীকে জানান যে, পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত প্রধান সচিবের মারফত সরকার বার্তা দিয়েছে যে সঞ্চিতা কুমার যেন এই কমিশনের সদস্য পদে না থাকেন। এরপর সরকারের ইচ্ছাকে মান্যতা দিয়ে এই পদত্যাগ বলে দাবি। সঞ্চিতা এই নিয়ে কোনও বিতর্ক চান না, তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন তথ্য অধিকার আইন অনুযায়ী রাজ্য তথ্য কমিশন একটি স্বাধীন সংস্থা যার উপর প্রশাসনিক প্রভাব থাকার কথা নয়। ভবিষ্যতে এই কমিশন সততা ও নিরপেক্ষতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন ডিজির স্ত্রী।
















