হস্টেলে দিনের পর দিন অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন, সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চনা এবং হস্টেল কর্মীদের লাগাতার দুর্ব্যবহারের প্রতিবাদে শনিবার পথে নামল আবাসিক পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার মুকুটমণিপুরে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মুকুটমণিপুর-গোড়াবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা।

স্কুল সূত্রে খবর, ওই বিদ্যালয়ের দুটি পৃথক হস্টেলে প্রায় সাড়ে চারশো আবাসিক পড়ুয়া থাকে। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, সরকারি সবরকম বরাদ্দ থাকা সত্ত্বেও তাদের প্রাপ্য সুবিধা দেওয়া হচ্ছে না। হস্টেলের রান্নাঘরে শিক্ষক ও কর্মীদের জন্য ভালো খাবার তৈরি হলেও পড়ুয়াদের পাতে দেওয়া হয় অত্যন্ত নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার। খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেই হস্টেল আধিকারিক ও কর্মীদের মুখঝামটা এবং দুর্ব্যবহারের শিকার হতে হয় বলে পড়ুয়াদের দাবি। এমনকি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও সমস্যার সমাধানে কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না বলে তারা অভিযোগ তোলে।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে শনিবার সকাল থেকেই রাস্তা অবরোধ করে বসে পড়ে পড়ুয়ারা। ব্যাহত হয় যান চলাচল। বিক্ষোভে শামিল হন বেশ কয়েকজন অভিভাবকও। এক অভিভাবকের ক্ষোভ, ছোট ছোট বাচ্চাদের খাবার ও ন্যায্য অধিকারের দাবিতে আজ রাস্তায় নামতে হচ্ছে, প্রশাসনের উচিত দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া।

যদিও খাবারে অনিয়মের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হস্টেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষেন্দু মল্লিকের বক্তব্য, পড়ুয়াদের যা অভিযোগ তা লিখিত আকারে ভারপ্রাপ্ত আধিকারিক বা টিচার-ইন-চার্জকে জানাতে হবে। খবর পেয়ে প্রশাসনিক স্তরে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।