ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে যোগ দিতে সোমবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নিউটাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তির ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই উপলক্ষে অমিত শাহ বলেন, "পশ্চিমবঙ্গ এমন এক রাষ্ট্রনায়ককে জন্ম দিয়েছিল, যিনি ভারতের অখণ্ডতা, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং জাতীয় সংহতির প্রশ্নে কখনও আপস করেননি। তাঁর আদর্শ আজও দেশের পথপ্রদর্শক।" 

ইকো পার্কের কর্মসূচি শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে যান এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতেও যান। সবশেষে, মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির দাবি, এই মূর্তি নির্মাণের উদ্দেশ্য হলো স্বাধীনতা-উত্তর ভারতের এই মহান শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তকের আদর্শকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরা।