স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক শিক্ষকের। শনিবার ইসলামপুরের (Islampur) মাদারিপুর এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম নজরুল ইসলাম (Nazrul Islam)। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারের সদস্যরা জানিয়েছেন নজরুলের কোনও রাজনৈতিক যোগ নেই। 

স্থানীয়রা বলছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও নিজের কর্মক্ষেত্রে যাচ্ছিলেন।মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। কী কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সাতসকালে এই ঘটনার জেরে এলাকার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।