রাজ্যে পালাবদলের পর উত্তরপ্রদেশ মডেলে শুরু হয়েছে বুলডোজার প্রয়োগের নীতি। রাজ্যের বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে শুরু অবৈধ হকার উচ্ছেদ হচ্ছে বুলডোজার দিয়ে। এবার সেই বুলডোজার চলল রাজ্যের পুরমন্ত্রীর শহর আসানসোলে।

 

শুক্রবার  আসানসোলের(Asansol) রাহা লেন থেকে চার্চ রোড পর্যন্ত ফুটপাথ ও রাস্তায় থাকা দোকান উচ্ছেদে বুলডোজার চালানো হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। অভিযানে রাস্তার ধারের সমস্ত অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়েছে। ফলে বহু দোকানি সমস্যায় পড়েছেন।

কয়েকজন দোকানির দাবি, বৃহস্পতিবার দিন ঘোষণা করা হলেও শুক্রবারই তাদের দোকান ভাঙতে চলে আসে প্রশাসন। দোকানের মালপত্র সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের। ব্যবসায়ীদের আরও অভিযোগ, হঠাৎ উচ্ছেদ অভিযানের ফলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।