কলকাতা বিমানবন্দরের বাইরে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের ডিরেক্টরের দফতরে একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান একদল উত্তেজিত জনতা। কালো পতাকা প্রদর্শনের পাশাপাশি দেওয়া হয় ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। এমনকি সাংসদের গাড়িতে জুতো দিয়ে আঘাত করা ও ধাক্কা মারার অভিযোগও উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় তাঁকে উদ্ধার করে দফতরে নিয়ে যাওয়া হয়।
সৌগত রায় কলকাতা বিমানবন্দর অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান। সেই কর্মসূচির সূত্রেই এ দিন বিকেলে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। গাড়ি বিমানবন্দর চত্বরে প্রবেশ করতেই ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। শুরু হয় তীব্র বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান। খবর পেয়ে সিআইএসএফ জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিমানবন্দর ডিরেক্টর। নিরাপত্তারক্ষীরা সৌগতবাবুকে গাড়ি থেকে নামিয়ে ডিরেক্টরের অফিসে নিয়ে যাওয়ার সময়েও বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।
বৈঠক শেষে এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, বিজেপি একেবারে নিচুতলার গুন্ডা-লাফাঙাদের হাতে চলে গিয়েছে। বিক্ষোভকারীরা যে ভাষা ব্যবহার করছিল, তা কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, তাঁকে বৈঠকে যাওয়া থেকে আটকানোই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু তিনি কোনও চাপের কাছে নতিস্বীকার না করে বৈঠকে যোগ দেন এবং সম্পূর্ণ আলোচনা শেষ করেই বিমানবন্দর থেকে বেরোন।
















