শুক্রবার রাতে সমুদ্রগড় স্টেশনে ঢোকার মুখেই কামরূপ এক্সপ্রেসে ধোঁয়া। রাত সাড়ে ৮টা নাগাদ ঘটা এই ঘটনার জেরে দ্রুত স্টেশন চত্বর ঘন ধোঁয়ায় ঢেকে যায়। এর ফলেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত ট্রেন থমকে যেতেই হুড়মুড় করে কামরা থেকে নিচে নেমে আসেন বহু যাত্রী।

রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং রেলের ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল। তাঁরা চাকার ব্রেক বাইন্ডিংয়ের জেরে তৈরি হওয়া ধোঁয়ার উৎসস্থলটি দ্রুত চিহ্নিত করেন এবং যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রেলের যান্ত্রিক পরীক্ষার পর সবুজ সংকেত মিলতেই রাত ৯টা নাগাদ সমুদ্রগড় স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। বড়সড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনায় বেশ কিছুক্ষণ ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।