শিক্ষা দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি হারানো রাজ্যের ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীদের মধ্যে যোগ্যদের পাশে বাংলার নতুন সরকার। বাতিল শিক্ষকদের মধ্যে থেকে কিছু অংশের চাকরির মেয়াদ ৩১অগাস্ট পর্যন্ত বরাদ্দ করেছিল আদালত। বলা হয়েছিল এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু যেহেতু সেই কাজ এখনও থমকে রয়েছে তাই এবার যোগ্যদের চাকরির মেয়াদ আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন (SSC) ও মধ্যশিক্ষা পর্ষদ।

পূর্বতন সরকারের আমলে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে না পারায় পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। তবে যোগ্য শিক্ষকদের একটি তালিকা প্রস্তুত করা হয়। তার ভিত্তিতে ২০২৬ সালের অগাস্ট পর্যন্ত তাদের শিক্ষকতা করার ছাড়পত্র দেওয়া হয়েছিল। রাজ্যকে পুনরায় স্বচ্ছভাবে নিয়োগের নির্দেশও দেয়। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman) জানান, নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পূর্ণ হয়নি তাই এই অবস্থায় যোগ্য শিক্ষক-শিক্ষিকারা স্কুলে আসা বন্ধ করলে সমস্যা বাড়বে। পুরো শিক্ষা ব্যবস্থা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরে উত্তর দিনাজপুরের হেমতাবাদে সারদা বিদ্যামন্দির ক্যাম্পাসে আয়োজিত ‘উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মেলা’য় যোগ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, 'নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের মাথায় সরকারি আমলাকে চেয়ারম্যানের পদে বসিয়ে কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটি নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যতদিন না সেটা সম্পূর্ণ হচ্ছে ততদিন শিক্ষা ব্যবস্থায় যাতে অচলাবস্থা তৈরি না হয়, সেই কারণে যোগ্যদের মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে।'