দেখতে দেখতে দু’বছর পার। ২০২৪ সালের ৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। ধর্ষণ-খুনের সেই নৃশংস ঘটনার দু’বছর পরও উত্তর মেলেনি একাধিক প্রশ্নের। সেই ঘটনার জেরে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তখনও রাস্তায় নেমেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টে। রবিবার বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামল তাঁরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে দেবাশিস হালদার বলেন, "আমরা আগের সরকারের বিরুদ্ধেও পথে নেমেছিলাম, তাই বর্তমান সরকারের উচিত সংবাদপত্রে হেডলাইনে জোর না দিয়ে কাজে সদর্থক ভূমিকা নেওয়া। আমরা চাই " সরকার, পুলিশ বা তদন্তকারী সংস্থা এই সমস্ত ঘটনার দ্রুত তদন্ত করুক।" 

আরও পড়ুন: CBI তদন্তে নারাজ হেমন্ত সরকার, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের

এই মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তবে ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত ছিল কি না, তা জানতে ফের চলছে নতুন করে তদন্ত। দু’বছর পূর্তিতে রবিবার সরকারি উদ্যোগে নিহত চিকিৎসককে স্মরণ হয়। রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে দু’মিনিট নীরবতা পালনের কর্মসূচি রাখা হয়। পাশাপাশি, ন্যায়বিচারের দাবিতে কলকাতায় একাধিক মিছিলের আয়োজন করে বিভিন্ন সংগঠন।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের মিছিল হয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। বিকেল ৪টে থেকে ‘ভয়েস অফ অভয়া’, ‘ভয়েস অফ উইমেন’ এবং ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’-র উদ্যোগে আর জি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পর্যন্ত হয় টর্চ মিছিল। এদিকে, ফের সক্রিয় হয়েছে আর জি কর-কাণ্ডের তদন্ত। CBI-এর পাশাপাশি বিশেষ তদন্তকারী দলও একাধিক দিক খতিয়ে দেখছে। ঘটনার রাতে নিহত চিকিৎসকের সঙ্গে থাকা সহকর্মী, বন্ধু এবং অধ্যাপকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।